• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বনানীতে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার আলীর নিজ এলাকায় ১০০ কাঠা জমি


জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:০৯ পিএম
বনানীতে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার আলীর নিজ এলাকায় ১০০ কাঠা জমি

রাজধানীর বনানীতে ধারালো ছোরার ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম হোতা আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার নিজ এলাকায় বিপুল সম্পত্তির তথ্য সামনে এসেছে।

স্থানীয়দের দাবি, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে অর্জিত অর্থে তিনি বিভিন্ন মৌজায় অন্তত ১০০ কাঠা ফসলি জমি কিনেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বনানীর ব্যস্ত সড়কে এক মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে ছিনতাইয়ের সময় আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। একসময় তিনি ইজিবাইক চালাতেন বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত আলী। অল্প সময়ের মধ্যে তার আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল। স্থানীয়দের দাবি, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থে আলী নিজ এলাকায় নামে-বেনামে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের একটি চক্রের সঙ্গে জড়িত থেকে আলী রাজিবপুর ইউনিয়নের বিভিন্ন মৌজায় অন্তত ১০০ কাঠা ফসলি জমি কিনেছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, আলীর বাবা একসময় ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। বর্তমানে তিনি কোনো পেশায় যুক্ত না থাকলেও ছেলের পাঠানো অর্থে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন বলে স্থানীয়দের দাবি।

পুলিশ সূত্রে জানা যায়, আলীর বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় চুরি এবং গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে ঈশ্বরগঞ্জ থানায় করা একটি মামলা থেকে আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেলেও ঢাকার অপরাধজগতে তিনি সক্রিয় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে বনানীতে এক মোটরসাইকেল আরোহীকে ছোরার ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করার সময় আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এম

Link copied!