• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাছ-মুরগিতে অ্যান্টিবায়োটিকের বিষ, বাড়ছে প্রাণঘাতী ‘সুপারবাগ’ আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৬, ১২:১১ পিএম
মাছ-মুরগিতে অ্যান্টিবায়োটিকের বিষ, বাড়ছে প্রাণঘাতী ‘সুপারবাগ’ আতঙ্ক

ফাইল ছবি

মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের নামে খামারে নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবারে বা পানিতে এসব ওষুধ মেশানো হচ্ছে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় চলছে এই প্রয়োগ। এতে প্রাণী ও মাছের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়ানোর ঝুঁকি বাড়ছে, অকার্যকর হতে পারে জীবন রক্ষাকারী ওষুধ এবং দূষিত হচ্ছে পরিবেশ।

বিশেষজ্ঞরা জানান, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধভেদে এই সময়কে বলে উইথড্রয়াল পিরিয়ড বা প্রত্যাহারকাল। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এ নিয়ম না মেনে ওষুধ দেওয়ার পরপরই মাছ ও মুরগি বিক্রি করছেন। ফলে খাবারে অবশিষ্টাংশ ঢুকছে এবং ছড়াচ্ছে প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’, যা ভবিষ্যতে মানবচিকিৎসায় বড় সংকট তৈরি করতে পারে।

আইইডিসিআরের বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও সালফোনামাইড ব্যবহৃত হচ্ছে। এর কয়েকটি মানবচিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন গুরুতর সংক্রমণে শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। এর অযৌক্তিক ব্যবহার বড় সংকট বাড়াচ্ছে। পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই।

নওগাঁর বদলগাছীর মাছচাষি হারুন মিয়া ছয় বছর ধরে মাছ চাষ করছেন। রোগ দেখা দিলে স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই পুকুরে দেন। একই এলাকার আনিস উদ্দিন, রায়হান মণ্ডল ও হোসেন আলীও কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে এভাবেই ওষুধ প্রয়োগ করেন। অজ্ঞতা এবং প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের প্রলোভনে পড়ে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন বেশিরভাগ খামারি।

সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরজুড়ে চলনবিল এলাকায় ধান কাটার পর হাঁস নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যান খামারিরা। নওগাঁর সাপাহারের হাঁস খামারি আহসান হাবিব ১২ নভেম্বর ১ হাজার হাঁস নিয়ে নাটোর যান। শীত শুরুর আগেই রোগ ঠেকাতে খাবারে এনরোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন ও সিপ্রোফ্লক্সাসিন দেন। ঘুরে বেড়ানোর কারণে পূর্ব অভিজ্ঞতা থেকেই এসব ওষুধ দেন বলে জানান তিনি।

২০২২ সালে পিএলওএস ওয়ানে প্রকাশিত গবেষণায় দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ বাণিজ্যিক মুরগির খামারে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহৃত হয়েছে এবং প্রায় ৮৫ শতাংশ খামারি রোগ প্রতিরোধে এগুলো দিয়েছেন। ব্রয়লারে ব্যবহারের হার গড়ে ৭৮ শতাংশ, সোনালি মুরগিতে ৬৭ ও লেয়ার খামারে ৪১ শতাংশ।

২০২৬ সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার ও লেয়ার খামারে ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের বড় অংশ ডব্লিউএইচওর চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ শ্রেণিভুক্ত। লেয়ার খামারে ব্যবহৃত ওষুধের ৮৪ থেকে ৯৪ শতাংশকে ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট বা হায়েস্ট প্রায়োরিটি ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট শ্রেণির বলা হয়েছে। সীমিতসংখ্যক খামারের এ গবেষণা কার্যকর নজরদারির প্রয়োজন তুলে ধরে।

বদলগাছীর অ্যান্টিবায়োটিক বিক্রেতা মোকাররম জানান, কোম্পানির প্রতিনিধিরা ওষুধ সরবরাহ করেন এবং তাঁদের পরামর্শেই চাষিদের ওষুধ দেওয়া হয়। বিএলআরআই ও আইসিডিডিআরবির যৌথ গবেষণায় মুরগির শরীর থেকে সংগৃহীত সালমোনেলা ব্যাকটেরিয়ায় উচ্চমাত্রার প্রতিরোধ ক্ষমতা পাওয়া গেছে।

মাছ চাষেও একই প্রবণতা দেখা গেছে। এক গবেষণায় দেখা যায়, ৭৭ শতাংশ মাছচাষি পুকুর বা ঘেরে অ্যান্টিবায়োটিক দিয়েছেন। ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের ৬৭২টি খামারের নমুনায় পাঙাশ, তেলাপিয়া, চিংড়ি, কার্প, টেংরা, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শিং, মাগুর ও কই চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য মিলেছে। মাত্রাতিরিক্ত ব্যবহারে এসব মাছ খেলে মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হতে পারে।

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী জানান, ডিলারদের চার্ট মেনে অনেক খামারি অ্যান্টিবায়োটিক দেন, রোগ প্রতিরোধের বিকল্প ব্যবস্থায় গুরুত্ব দেন না। উন্নত বিশ্বে বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত হলেও দেশে যত্রতত্র ওষুধ মিলছে। সরকারি প্রশিক্ষণ প্রকল্পনির্ভর হওয়ায় প্রকল্প বন্ধ হলে কাজও থামে, তবে সচেতনতায় উঠান বৈঠক করা হয়। ফিড ডিলারদের পরামর্শ দেওয়ার কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ বলেন, মাছের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যবহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে মাছ ও পানির উপকারী ব্যাকটেরিয়া মারা যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে ওঠে। মানুষ, প্রাণী ও পরিবেশ থেকে ছড়ানো এসব জীবাণু হাসপাতালের রোগীর চিকিৎসাও কঠিন করে তুলতে পারে। খামারিদের প্রশিক্ষণ ও সবার সম্মিলিত দায়িত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাময়িক মুনাফার চেয়ে নিরাপদ উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

এসএইচ 

Link copied!