• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ড্রাইভিং লাইসেন্সে পেতে জেনে নিন নিয়ম ও খরচ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০২৬, ০২:১৫ পিএম
ড্রাইভিং লাইসেন্সে পেতে জেনে নিন নিয়ম ও খরচ

ফাইল ছবি

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে মাত্র দুই ধাপেই সম্পন্ন করা যাবে পুরো আবেদনপ্রক্রিয়া। প্রথমে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স এবং এরপর প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হলো শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স সংগ্রহ করা। এর জন্য প্রথমে বিআরটিএর সেবা পোর্টাল (বিএসপি)-এ অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল ও শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে। এক্ষেত্রে এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ফি ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষানবিশ লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হলেই চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।

দ্বিতীয় ধাপে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্যও বিআরটিএর সেবা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ফি অনুযায়ী, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২ হাজার ৮৩২ টাকা জমা দিতে হবে। তবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের জন্য ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।

এসএইচ 


 

Link copied!