• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যমুনার সামনে অটল হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাসহ ইনকিলাব মঞ্চ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:২৩ পিএম
যমুনার সামনে অটল হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাসহ ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও তদন্তে গড়িমসির প্রতিবাদে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। নিহত ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় সরকার এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় চারবার পেছানো হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার ইঙ্গিত দেয় বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের নির্বাচনী পরিবেশকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই হত্যাকাণ্ডের তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ যাদের আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেই শক্তিগুলোর প্রতিও সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল—যা তারা পালন করছে না।

সরকারকে সতর্ক করে আব্দুল্লাহ আল জাবের বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচার নিশ্চিত না হলে ইনকিলাব মঞ্চ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ বরাবরই সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে এসেছে। কিন্তু হাদি হত্যার বিচারের প্রশ্নে বারবার সংগঠনটিকে উপেক্ষা করা হচ্ছে।

তিনি জানান, নিরপেক্ষ তদন্তের স্বার্থে জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের তদন্ত হস্তান্তরের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের পরিবার যমুনার সামনে অবস্থান নিয়েছে।

ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট মহলের অসহযোগিতা অব্যাহত থাকলে ইনকিলাব মঞ্চ সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচিতে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়, অবস্থানস্থল ঘিরে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংগঠনটির দাবি, লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো পরিস্থিতিতেই তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না—এমনকি জীবন দিতে হলেও।

এম

Wordbridge School
Link copied!