• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই, কমেছে শুল্ক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:১৯ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই, কমেছে শুল্ক

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শূন্য শুল্ক সুবিধা দেওয়া হয়েছে, যা তৈরি পোশাক খাতের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

এর আগে শুল্কহ্রাস বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, বাংলাদেশ শুল্কহার আরও কমানোর জন্য আলোচনায় ছিল। তিনি বলেন, চুক্তির মাধ্যমে শুল্ক কমবে বলে আশা করা হচ্ছিল, তবে চূড়ান্ত হার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা সম্ভব ছিল না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় বাংলাদেশের জন্য শুল্কহার নির্ধারণ করা হয় ৩৭ শতাংশ। পরে এই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়। তিন মাস পর, ২০২৫ সালের ৭ জুলাই শুল্কহার কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়।

পরবর্তী দর-কষাকষির মাধ্যমে গত বছরের ২ আগস্ট শুল্কহার আরও কমে ২০ শতাংশে নামানো হয়, যা কার্যকর হয় ৭ আগস্ট থেকে। এর আগে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বিদ্যমান ছিল। ফলে সব মিলিয়ে এক সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট শুল্ক দাঁড়িয়েছিল ৩৫ শতাংশে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য। অর্থাৎ বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে রয়েছে।

এই ঘাটতি কমাতে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য, উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করেছে।

এম

Wordbridge School
Link copied!