পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে বিশেষ সময়সূচি। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজান মাসে অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই বিশেষ সূচি অনুসরণ করা হবে।
ইফতারে পানির অনুমতি, খাবার নয়
নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীরা ইফতারের সময় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে কোনো ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পানি বহনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে কোথাও না পড়ে যায়। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে—প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও বহির্গমন গেইটে।
নতুন সময়সূচি
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়, আর শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
ট্রেনের বিরতি (হেডওয়ে)
উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময়ভেদে ২০ মিনিট থেকে শুরু করে সর্বনিম্ন সাড়ে ৫–৬ মিনিট এবং সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত বিরতিতে ট্রেন চলাচল করবে।
মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটেও সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থেকে শুরু করে সর্বনিম্ন সাড়ে ৫–৬ মিনিট ব্যবধানে ট্রেন ছেড়ে যাবে।
ডিএমটিসিএল জানিয়েছে, শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।
এম







































