ছবি : প্রতিনিধি
ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের আগে যে প্রত্যাশা ছিল, এখনো তা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মুক্ত ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর লড়াই ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। বিগত ১৭ বছরে নির্বাচন ধ্বংসের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংস করা হয়েছে। যারা মুক্তিযুদ্ধের দাবি করেছিল, তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে এবং দেশকে গুম, খুন ও হত্যার রাষ্ট্রে পরিণত করেছিল।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরে আসা সম্ভব হয়েছে এবং দেশ একটি নির্বাচিত সরকার পেয়েছে। এখন জনগণের প্রত্যাশা ছোট বা বড় হতে পারে এবং অঞ্চল ও পেশাভেদে মানুষের চাহিদাও ভিন্ন হতে পারে।
তিনি বলেন, ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করা।
বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সড়ক পরিবহন রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব,ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
পিএস







































