• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে: টিআইবি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬, ০২:০৭ পিএম
নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে: টিআইবি

ছবি : সংগৃহীত

ঢাকা: ট্যারেন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশ ব্যাংকে স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিএনপি নেতৃত্বাধীন ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান এমন দাবি তুলেন। ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।

বিএনপির অভ্যন্তরে বিএনপি সরকারের সাফল্য পরিপন্থী শক্তি যেন ক্রমান্বয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠতে না পারে সেজন্য সুচিন্তিত কৌশল অবলম্বন করার পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা ও নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের ওপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করতে হবে।

দুর্নীতিবিরোধী নির্বাচনী অবস্থান ও প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ ও সক্ষমতার পাশাপাশি বহুমুখী প্রতিকূলতা ও ঝুঁকির সূত্র, স্বরূপ ও প্রক্রিয়া চিহ্নিত করে তা মোকাবেলার কৌশল অবলম্বন করার প্রস্তাব দেন ইফতেখারুজ্জামান।

পিএস

Wordbridge School
Link copied!