ছবি : সংগৃহীত
গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গুদামে আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টের কার্টন ও সুতার গুদামে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কারখানার ওই গুদামে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। গুদামে মজুদ থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে এবং দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড কালো ধোঁয়ায় কারখানাটির আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুল আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পিএস







































