• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৬, ০৯:৫৯ এএম
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাত–এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলাপকালে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন।

জবাবে আমিরাতের প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটির সরকার যে সহযোগিতা দিচ্ছে, তার জন্যও ধন্যবাদ জানান তারেক রহমান। একই সঙ্গে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

আলোচনার এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিরাতের প্রেসিডেন্ট এ আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

প্রেস সচিব সালেহ শিবলী জানান, আঞ্চলিক সংঘাত যাতে আরও বিস্তৃত না হয় এবং বৈশ্বিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব না ফেলে—সেজন্য দ্রুত সামরিক উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর দুই নেতা গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি বিদ্যমান সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা। সূত্র: বাসস

এম

Wordbridge School
Link copied!