ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে পুলিশ আটক করেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে আটক করা হয় তাকে। আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শহিদুল্লাহ হলের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ই মার্চ উপলক্ষে অমর একুশে হলের পার্শ্ববর্তী এলাকায় আসিফ আহমেদ সাউন্ড বক্সে ভাষণটি চালাচ্ছিলেন। ভাষণের বিখ্যাত অংশ “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” বাজতে শোনা যায়। ওই সময় কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত হন এবং তাকে সঙ্গে নিয়ে কথাবার্তা হয়। পরে তাকে সিএনজি অটোরিকশায় করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও মালিককেও থানায় আনা হয় এবং সাউন্ড বক্স জব্দ করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি “নিষিদ্ধ” হওয়ার কারণে আটক করা হয়েছে। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তাকে থানায় আনা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ পুলিশের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
এসএইচ







































