ছবি: সংগৃহীত
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামা, মাশায়েখ ও এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বলেন, ইসলামী ঐতিহ্য অনুযায়ী রমজান মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এ ধরনের আয়োজনের প্রথা রয়েছে। বর্তমান বাস্তবতার কারণে এবারের অনুষ্ঠান কিছুটা সীমিত পরিসরে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এতিম শিশুদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করা ইসলামী দায়িত্বের অন্যতম অংশ। তিনি বলেন, রমজান ত্যাগ, সংযম ও মানবিকতার মাস, তাই কেউ এই সময় অসাধু উপায়ে পণ্যের দাম বৃদ্ধি করে মানুষের কষ্ট বাড়াতে পারেন না। তিনি ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া প্রধানমন্ত্রী দেশের যাকাত ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, সঠিকভাবে যাকাত বিতরণ করা গেলে দারিদ্র্য বিমোচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে বিদ্যমান যাকাত বোর্ডকে আরও কার্যকরভাবে পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, লক্ষ্যভিত্তিক যাকাত ব্যবস্থাপনা চালু হলে আগামী ১০-১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী দেশের কল্যাণ ও জনগণের মঙ্গল কামনা করে দোয়া করেন।
এসএইচ







































