• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই দিনে পদ্মা সেতুতে ৯ কোটি টাকার টোল আদায়


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬, ১১:৫৫ এএম
দুই দিনে পদ্মা সেতুতে ৯ কোটি টাকার টোল আদায়

ছবি : সংগৃহীত

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটির তৃতীয় দিনে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের। দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে অর্থাৎ পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে গত ৪৮ ঘণ্টায় ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটির প্রথম দিন গত মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত হয়ে পদ্মা সেতুতে উঠেছে ৮০ হাজার ৪০২টি যানবাহন। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটির টাকা।

অন্যদিকে সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।

যাত্রীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, মুন্সিগঞ্জ জেলার সীমানা দিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রয়েছে। গুরুত্বপূর্ণ এই দুই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

পিএস

Wordbridge School
Link copied!