ফাইল ছবি
ঢাকা: দেশে কবে উৎযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর তা নিশ্চিত হওয়া যাবে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন এ সভায় সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার।
এদিকে ঈদের প্রধান জামাত নিয়ে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে ২৫০ জন অতি গুরুত্বপূর্ণ পুরুষ ও ৮০ জন নারীর জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন।
পিএস







































