ফাইল ছবি
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় রায় পড়া শুরু করেন বিচারক। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদের ঘটনায় রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া হবে।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এদিন সকালে মামলার ৩০ আসামির মধ্যে ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টা ৫০ মিনিটে আসামিদের আদালতের এজলাসের আসামিদের কাঠগড়ায় তোলা হয়। এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এজলাসে আসন গ্রহণ করেন তিন বিচারক।
রায় ঘোষণার সময় উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, প্রসিকিউটর মো. আব্দুস সোবহান তরফদার ও গাজী এম এইচ তামীম। আসামিপক্ষে আছেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলুসহ আরও কয়েকজন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।
রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, তদন্তে সন্দেহাতীত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে। আশাকরি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং আসামিরা খালাস পাবেন।
গত ৫ মার্চ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম ও ট্রাইব্যুনালের এই মামলার দায়িত্বে থাকা প্রসিকিউটর এস এম মইনুল করিম।
আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলুসহ আরও কয়েকজন। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া।
জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে ৩০ জুন তা আমলে নেওয়া হয়।
মামলার ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ বাকি ২৪ জন এখনো পলাতক।
গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পলাতক আসামিদের পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
এসআই







































