• ঢাকা
  • শনিবার, ২৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রেনে ঈদযাত্রার প্রথমদিনে যাত্রী চাপ কম, তবুও ছাড়তে দেরি


নিজস্ব প্রতিবেদক মে ২৩, ২০২৬, ১১:৪৬ এএম
ট্রেনে ঈদযাত্রার প্রথমদিনে যাত্রী চাপ কম, তবুও ছাড়তে দেরি

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের আনুষ্ঠানিক রেলযাত্রা শুরু হয়েছে আজ শনিবার। ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবারের ঈদযাত্রা শুরু হয়। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন ছেড়ে যায়। তবে প্রথম দিনেই প্রায় প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় দেরিতে স্টেশন ছেড়েছে।

আজ সকাল ৯টা ১০ মিনিটে রংপুরের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর সকাল সাড়ে ৯টায় ট্রেনটি ছেড়ে যায়। অন্যদিকে জামালপুরের উদ্দেশে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও ১০টা ১০ মিনিট পর্যন্ত সেটি স্টেশন ছাড়েনি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের কাছে জানতে চান, অনলাইনে টিকিট কাটতে বা নিজ আসনে বসে যাত্রা করতে কোনো সমস্যা হয়েছে কি না।

যাত্রীরা মহাপরিচালককে জানান, ঈদযাত্রার প্রথম দিন হওয়ায় স্টেশনে এখন পর্যন্ত খুব বেশি উপচে পড়া ভিড় নেই। ফলে টিকিটে নির্ধারিত আসন পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে বেশ কয়েকজন যাত্রী ট্রেনের ভেতরের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, কিছু বগিতে ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেটগুলো অপরিষ্কার।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক যাত্রীদের এই অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করার আশ্বাস দেন।

এসএইচ 
 

Link copied!