• ঢাকা
  • রবিবার, ৩১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বাড়ছে কত টাকা?


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০২৬, ০২:১৩ পিএম
পে স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বাড়ছে কত টাকা?

ফাইল ছবি

ঢাকা: আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রস্তাবিত এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।

নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ১ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিদ্যমান বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন তথা ২০তম গ্রেডের মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সে হিসাবে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বৃদ্ধি পাবে ১১ হাজার ৭৫০ টাকা।

অন্যদিকে, সর্বোচ্চ তথা ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। নতুন পে স্কেলেও বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাবে প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সমানুপাতিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধাতেও পরিবর্তন আসতে পারে। ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তবে নবম জাতীয় পে স্কেল কার্যকরের আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারি হওয়া প্রয়োজন। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে। বিশেষ করে সর্বনিম্ন গ্রেডে ১১ হাজার ৭৫০ টাকা বেতন বৃদ্ধি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে।

পিএস

Link copied!