• ঢাকা
  • মঙ্গলবার, ০২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুরো জুন মাসে তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২৬, ০১:৪৮ পিএম
পুরো জুন মাসে তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

ফাইল ছবি

টানা তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই নতুন এক আশঙ্কার কথা জানালো আবহাওয়া অধিদপ্তর। চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও জুন মাসে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। এর আগে দেশের সবচেয়ে গরমের মাস এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি হয়েছিল, যা আবহাওয়া বিদদের মতে বেশ অস্বাভাবিক।

সাধারণত জুন মাসে দেশে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। জুলাইয়ের পর এটিকেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির মাস ধরা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকেই মৌসুমি বায়ু দেশের বিভিন্ন প্রান্তে বিস্তার লাভ করতে পারে। বৃষ্টি কম হলেও এই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

লঘুচাপের সম্ভাবনা থাকলেও তপ্ত দিন থেকে সহজে মুক্তি মিলছে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনের প্রথম দিন থেকেই দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলাসহ রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ৩৪টি জেলার মানুষ এখন গরমে হাঁসফাঁস করছে।

পূর্বাভাস প্রতিবেদনে গত মে মাসের আবহাওয়ার একটি চিত্রও তুলে ধরা হয়েছে। মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৯৯ শতাংশ বেশি। আর চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে মে মাসে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসএইচ 
 

Link copied!