• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ, তদবির করলেই ব্যবস্থা 


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২৬, ০৬:২৭ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ, তদবির করলেই ব্যবস্থা 

ফাইল ছবি

মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বদলি এবং কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক তদবির বন্ধের কড়া নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এই সংক্রান্ত পূর্ববর্তী দিকনির্দেশনা ও স্মারক কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জারির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.২৫.০৩২.২০.৯৫৫ নম্বর স্মারকে মাঠ পর্যায়ের কর্মচারীদের বদলির বিষয়ে যে সুনির্দিষ্ট ও কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, তা বর্তমানে অনেক ক্ষেত্রেই যথাযথভাবে মানা হচ্ছে না। তাই নতুন করে এই আদেশ জারি করে পূর্বের সেই নির্দেশনা সামগ্রিকভাবে এবং কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে বাধ্যবাধকতা দেওয়া হলো।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, অনেক সময় মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সুবিধাজনক স্থানে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য বিভিন্ন প্রভাবশালী মাধ্যম ব্যবহার করে জোর তদবির চালিয়ে থাকেন। এতে দাপ্তরিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থেই ভূমি মন্ত্রণালয় এই তদবির সংস্কৃতির বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে।

নতুন এই নির্দেশনার পর কোনো কর্মচারী যদি বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য কোনো ধরনের তদবির বা অনৈতিক মাধ্যমের আশ্রয় নেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে আভাস দেওয়া হয়েছে। আদেশের অনুলিপি ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

এসএইচ 
 

Link copied!