• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০২৬, ১০:৩৩ এএম
দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। সিআইডির দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় তিনি এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দেওয়া আবেদনে আলী আকবর খান দাবি করেন, দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিকবার বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। সর্বশেষ অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতির তালিকায় নিজের নাম না থাকাকে তিনি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

সম্প্রতি সরকার পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। তাদের মধ্যে দুজন আলী আকবর খানের একই ব্যাচের এবং তিনজন তার পরবর্তী ব্যাচের কর্মকর্তা।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পর তাকে ওএসডি করা হয়। পরে ২০২২ সালের এপ্রিলে চাকরিচ্যুতও করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন।

আলী আকবর খান আবেদনে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাজনৈতিক পরিবর্তনের ফলে তিনি আবারও রাষ্ট্রের সেবা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক পদোন্নতি প্রক্রিয়ায় উপেক্ষিত হওয়ায় নিজেকে আবারও বৈষম্যের শিকার বলে মনে করছেন।

তিনি সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী আগামী ২ জুলাই ২০২৬ থেকে স্বেচ্ছায় অবসর কার্যকরের আবেদন করেছেন। একই সঙ্গে ওই তারিখ থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুরেরও অনুরোধ জানিয়েছেন।

সিআইডি সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে স্বেচ্ছা অবসরের আবেদন নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আলী আকবর খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এম

Link copied!