ছবি : সংগৃহীত
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, সীমান্তের বাইরে ‘বন্ধু-অংশীদার আছে, তবে কোনো প্রভু নেই’। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকার বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ার নীতিতে চলছে।
শুক্রবার (৫ জুন) ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ প্রথম’ এর ব্যাখ্যায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ প্রথম’, এ দর্শনে আমাদের সরকারের পররাষ্ট্রনীতি চালিত। এর মানে এই নয় বাংলাদেশ একা। এর মানে হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আমাদের জনগণের কল্যাণের বিষয়ে আমাদের রয়েছে দৃঢ় অঙ্গীকার।
একই সঙ্গে, এটা আমাদের এমন বিশ্বাসের প্রকাশ ঘটাচ্ছে, আমাদের সীমান্তের বাইরে আমাদের রয়েছে বন্ধু ও অংশীদার, প্রভু নয়।
ড. খলিলুর রহমান বলেন, “সমতা, ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চলা কূটনীতিতে বাংলাদেশ জোরালোভাবে বিশ্বাস করে। বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্ক গড়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
“সহযোগিতার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে অভিন্ন স্বার্থ, আন্তর্জাতিক নিয়মের প্রতি সম্মান এবং অংশীদারত্ব ও বন্ধুত্বের চেতনা। আমরা আরও বিশ্বাস করি, আমাদের সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষীয় সহযোগিতা অপরিহার্য।”
শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, অভিন্ন উন্নতি এবং পারস্পরিকভাবে মঙ্গলজনক সহযোগিতার প্রসারে তুরস্কের মতো দেশের সঙ্গে বাংলাদেশ কাজ করে যাবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।







































