ছবি : সংগৃহীত
ঢাকা: তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে আজ রোববার (৭ জুন) সকালে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন। সফর শেষে আগামী ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মস্কো সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে ঢাকা ও মস্কোর সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।
এটি বর্তমান সরকারের অধীনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ৭ থেকে ৯ জুন এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে।
রাশিয়া খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়ে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেছে, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসআই







































