• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাছ-প্রসাধনী ও সিগারেটসহ দাম বাড়তে পারে যেসব পণ্যের


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২৬, ১২:১৫ পিএম
মাছ-প্রসাধনী ও সিগারেটসহ দাম বাড়তে পারে যেসব পণ্যের

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর কাঠামো পুনর্বিন্যাস করার কারণে বেশ কিছু আমদানি করা পণ্য এবং বিলাসবহুল সামগ্রীর দাম বাড়তে যাচ্ছে। অভ্যন্তরীণ বাজারে দেশীয় শিল্পের সুরক্ষা জোরদার করা এবং রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই করের হারে এই পরিবর্তন আনা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সব ধরনের সিগারেটের মূল্যস্তর ও করের হার বৃদ্ধি পাওয়ায় ধূমপায়ীদের আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে।

একই সঙ্গে আমদানিনির্ভর বিলাসবহুল ও খাদ্যপণ্যের ওপর শুল্কের হার বাড়ানোর প্রস্তাব আসায় বাজারে বিদেশি প্রসাধনী, আমদানি করা কাজুবাদাম এবং হিমায়িত মাছের দামও বেশ খানিকটা বেড়ে যেতে পারে। এ ছাড়া নির্মাণ খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রডের ওপরও নতুন করে করের চাপ আসায় ঘরবাড়ি নির্মাণসহ সামগ্রিক আবাসন শিল্পে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে স্বস্তি দেওয়া হলেও, বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে করের বোঝা বাড়িয়ে বাজেট ঘাটতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার।

এসএইচ 
 

Link copied!