• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের মা হচ্ছেন বুবলী, মুখ খুলছে না শাকিব খান!


সোনালী ডেস্ক জুন ৪, ২০২৬, ০৩:৪৮ পিএম
ফের মা হচ্ছেন বুবলী, মুখ খুলছে না শাকিব খান!

ফাইল ছবি

চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন-এমন একটি গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই শোবিজের আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এবার সেই গুঞ্জনের ডালপালা আরও মেলল। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে যে, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি।

নতুন করে এই আলোচনা ও কৌতূহলের সূত্রপাত হয়েছে দেশের জনপ্রিয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি বুবলীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান ক্যাপশনে লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

ডিজিটাল প্ল্যাটফর্মে এই পোস্টটি আসার পর থেকেই নেটিজেন ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে নানামুখী জল্পনা-কল্পনা শুরু হয়। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে বুবলীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই শোরগোলের মধ্যেও অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলী কিংবা শাকিব খানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এরই মধ্যে শোবিজ সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র সম্পূর্ণ বিপরীত এক দাবি করে বলছে, বুবলী এবার কন্যাসন্তান নয়, বরং আবারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বা মজবুত কোনো তথ্য-প্রমাণ মেলেনি।

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবরটি প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরবর্তীতে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। আমেরিকায় বীরের জন্মের দীর্ঘ সময় পর দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

এর আগে প্রথমবার মা হওয়ার সময়ও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা ও লুকোচুরি হয়েছিল। সে সময় তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান শাকিব খানই তার সন্তানের বাবা। অতীতের সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার অন্তরালে থাকা এবং মাতৃত্বের খবর নিয়ে নতুন করে এত গুঞ্জন ছড়াচ্ছে বলে মনে করছেন অনেকে।

বিষয়টির ওপর বাড়তি হাওয়া দিয়েছে বুবলীর সাম্প্রতিক নীরবতা। চলতি বছরের দুই ঈদে বুবলী অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সেগুলোর প্রচারণা বা গণমাধ্যমের সামনে তাকে তেমন একটা সক্রিয় দেখা যায়নি। জনসম্মুখে তার এই অনুপস্থিতিই মূলত গুঞ্জনকে আরও বেশি উসকে দিয়েছে।

তবে তারকা দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত না করা পর্যন্ত পুরো বিষয়টি কেবলই গুঞ্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বুবলী কিংবা শাকিব খান নিজেরা মুখ খুললেই কেবল এই রহস্যের প্রকৃত সত্য জানা সম্ভব হবে।

এসএইচ 
 

Link copied!