ফাইল ছবি
দেশীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস শিল্পের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কাঁচামাল আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে এ খাতের দুটি কাঁচামাল আমদানির ওপর বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। সরকারের আশা, শুল্ক কমানোর ফলে স্থানীয় উদ্যোক্তারা কম খরচে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন, উৎপাদন ব্যয় কমবে এবং দেশীয় বিউটি ও স্কিন কেয়ার পণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে।
এদিকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারেরও এটি প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এ ঘাটতির বড় অংশ অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের বাজেটের আকার প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বেড়েছে।
সাধারণত বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্য ও সেবার দামে প্রভাব পড়ে। এবারের বাজেটেও কিছু খাতে কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানোর প্রস্তাব রয়েছে, ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। অন্যদিকে কয়েকটি খাতে করছাড় ও শুল্ক হ্রাসের কারণে উৎপাদন ব্যয় কমে ভোক্তারাও সুবিধা পেতে পারেন।
বিশেষ করে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস শিল্পে শুল্ক ছাড়ের এই উদ্যোগকে দেশীয় উৎপাদন ও বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসএইচ







































