ছবি : সংগৃহীত
ঢাকা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা যত দ্রুত সম্ভব পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে চাই। এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সবার দোরগোড়ায় সরকারি ও আর্থিক সেবা পৌঁছে দিতে চাই।’
সোমাবর (৬ জুলাই) রাজধানীর সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা। যাতে তারা যেকোনো স্থান থেকে সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।
তিনি বলেন, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছে, যাতে প্রযুক্তিনির্ভর সমাজে উত্তরণের পথে কেউ পিছিয়ে না থাকে।
এ সময় জাতীয় বাজেটের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার যে বাজেট প্রণয়ন করেছে, তাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ, এমনকি সাধারণ কারিগর, শিল্পী ও গায়ক-গায়িকাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রাকে সফল করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ‘আমরা চাই সবাই এই যাত্রার অংশ হোক। ডিজিটালাইজেশন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয় নয়, এটি নাগরিকদের ক্ষমতায়ন এবং সরকারি সেবা ও উন্নয়নের সুযোগের সঙ্গে তাদের সংযুক্ত করারও একটি কার্যকর মাধ্যম।
পিএস







































