ছবি : প্রতিনিধি
নাটোর: নাটোরে পৃথক দুইটি চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ জানায়, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় অবস্থিত সোহেল মোটরস শোরুমে এক ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ প্রকাশ করেন। তিনি শোরুম কর্তৃপক্ষের কাছে মোটরসাইকেলটি ট্রায়াল দেওয়ার অনুরোধ করেন। পরে একটি পালসার মোটরসাইকেল নিয়ে বের হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ১ জুলাই নাটোর থানায় মামলা দায়ের করেন শোরুম কর্তৃপক্ষ।
মামলার তদন্তভার গ্রহণ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। তদন্তের একপর্যায়ে আরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৫ জুলাই রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে চুরি হওয়া পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
অপরদিকে, পৃথক আরেকটি ঘটনায় গত ১৯ জুন সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান বাজার এলাকায় রাস্তার পাশে রাখা একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। ভুক্তভোগী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোভ্যানটির সন্ধান না পেয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় তদন্তে নেমে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন প্রামানিক (২৭) ও হাসান আলী (২৬) নামে দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিংড়া উপজেলার চামারী সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেলাল সরদার (৪৬) ও নাঈম ইসলাম (২৮) নামে আরও দুইজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি হওয়া অটোভ্যান বিক্রির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিংড়া উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাই অটোভ্যানের ক্রেতা স্বপন বাবুকে (২৮) আটক করা হয়। এ সময় তার বাড়ির সামনে থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ছয়জন হলেন—আরিফুল ইসলাম (৩২), স্বাধীন প্রামানিক (২৭), হাসান আলী (২৬), হেলাল সরদার (৪৬), নাঈম ইসলাম (২৮) এবং স্বপন বাবু (২৮)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এবং ধারাবাহিক তদন্তের ফলে খুব অল্প সময়ের মধ্যেই চুরি হওয়া মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং জেলার অন্যান্য চুরির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমাল রক্ষায় নাটোর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।’
পিএস







































