• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামে মৃত্যুর অন্যতম কারণ সুষম খাদ্যের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২৬, ০২:০৫ পিএম
হামে মৃত্যুর অন্যতম কারণ সুষম খাদ্যের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন,, “আগে হামে মৃত্যুর ঘটনা তুলনামূলক কম থাকলেও এখন তা বাড়ছে। এর অন্যতম কারণ অনেক নবজাতক জন্মের পর পর্যাপ্ত শালদুধ পায় না এবং পরবর্তী সময়ে সুষম খাদ্যেরও ঘাটতি থাকে। এসব বিষয়ে পরিবারকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর নিপসমে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রোগীর শেষ আশ্রয়স্থল চিকিৎসক। তাদের আন্তরিক আচরণ, সহমর্মিতা ও মানবিক ব্যবহার অনেক সময় ওষুধের পাশাপাশি রোগীর মানসিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রোগীদের সঙ্গে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।”

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান (সি-সেকশন) নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‍“চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজার না করে স্বাভাবিক প্রসবে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে নবজাতককে জন্মের পরপরই মায়ের শালদুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরো সচেতন ভূমিকা রাখতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “দেশে যক্ষ্মা (টিবি) রোগের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ জোরদার করা হচ্ছে।”

পিএস

Link copied!