• ঢাকা
  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সর্বনিম্ন ২০ হাজার টাকা বহাল রেখে দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০২৬, ১২:০০ পিএম
সর্বনিম্ন ২০ হাজার টাকা বহাল রেখে দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি

ফাইল ছবি

নবম পে স্কেলে পে কমিশন কর্তৃক সুপারিশকৃত সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন বহাল রেখে দ্রুত গেজেট বা প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সচিব কমিটির সুপারিশে নিম্ন গ্রেডের কর্মচারীদের বঞ্চিত করার চেষ্টা করা হলে তা তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সাভারে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানান তারা।

সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাসচিব ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহমুদুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব আবদুল মালেক এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব জনাব আশিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মালেক বলেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যাচ্ছে যে সচিব কমিটি নিম্ন গ্রেডে ১০০ শতাংশ (৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬,৫০০ টাকা) বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। এটি কর্মচারী অঙ্গনে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিচ্ছে। কারণ অতীতে যেকোনো পে স্কেলে ১০ থেকে ২০তম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে ১৪০ শতাংশ বা তারও বেশি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর আন্দোলন-সংগ্রামের পর নবম পে স্কেল হতে যাচ্ছে। তবে পে স্কেল কেন্দ্র করে এরই মধ্যে বাজারমূল্য আকাশচুম্বী হয়ে গেছে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। ২০২০ ও ২০২৫ সালে দুটি পে স্কেল পাওয়ার কথা থাকলেও একটিও বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজারদর বিবেচনায় দুই পে স্কেলের সমন্বয়ে কর্মচারীরা সর্বনিম্ন ৩৫ হাজার টাকা দাবি করলেও তা কাটছাঁট করে ২০ হাজার টাকার সুপারিশ করা হয়েছিল।

প্রধান আলোচকের বক্তব্যে মহাসচিব আশিকুল ইসলাম বলেন, “১:৪ অনুপাতে সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও তা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা সুপারিশ করে বৈষম্য আরও বাড়োনো হয়েছে। এখন সচিব কমিটি যদি সর্বনিম্ন ২০ হাজার টাকার প্রস্তাব থেকেও কাটছাঁট করে বা ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাদ দেয়, তবে বাজারমূল্যের সঙ্গে বেতনের কোনো সামঞ্জস্য থাকবে না।”

তিনি সচিব কমিটি ও মন্ত্রিসভার অনুমোদনে সর্বনিম্ন ২০ হাজার টাকার প্রস্তাবকে আরও বৃদ্ধি করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। এ বিষয়ে কর্মচারীদের দুর্ভোগ কমাতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী, সহ-সভাপতি জনাব মনিরুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ এবাদুল ইসলাম, সহ-সভাপতি জনাব আজিজুর রহমান, সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল কাদের খান, যুগ্ম মহাসচিব জনাব রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব ওমর ফারুক এবং প্রচার সম্পাদক জনাব আমেনা বেগমসহ কেন্দ্রীয় নেতাবৃন্দ।

এসএইচ 
 

Link copied!