• ঢাকা
  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্যাস-বিদ্যুতের সংকটে সরকারের নিয়ন্ত্রণে নেই: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০২৬, ০৩:৩১ পিএম
গ্যাস-বিদ্যুতের সংকটে সরকারের নিয়ন্ত্রণে নেই: অর্থমন্ত্রী

ফাইল ছবি

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো সমস্যা নয়। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। জ্বালানি সংকট সমাধান হবে; তবে ধীরগতিতে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘একা অর্থমন্ত্রী বা সরকার কিছু করতে পারে না। বিনিয়োগের পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।’

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এদিকে সরকারি দফতরে অযথা বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের যে অতিরিক্ত খরচ ও ভোগান্তি হয়, তা বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

আরও পড়ুন: গ্যাস হুট করে আনার জাদু নেই, সংকট সমাধানে লাগবে ২ বছর: অর্থমন্ত্রী
তিনি বলেন, ‘এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।’

এসএইচ 

Link copied!