ছবি: সংগৃহীত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় অতীত তুলে ধরে সাংবাদিক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামানের নতুন বই ‘স্বর্গভূমি বাংলা’-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রয়াল হিস্টোরিক্যাল সোসাইটির অ্যাসোসিয়েট ফেলো মাহমুদুজ্জামানের এই গবেষণা গ্রন্থটির প্রকাশনা আয়োজন করে ‘রুটস’।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে দেড় সহস্রাধিক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের পরিচালক প্রফেসর ড. শেখ তৌফিক এম হক। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুফি মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে লেখক মোহাম্মদ মাহমুদুজ্জামান বাংলার গৌরবময় ইতিহাস নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বলেন, প্রায় দুই দশকের গবেষণা ও অনুসন্ধানের মধ্য দিয়ে বইটি রচনা করা হয়েছে। বাংলার মানুষ যুদ্ধ, দখল কিংবা লুটপাটের মাধ্যমে নয়; বরং মেধা, শিক্ষা, দক্ষতা, বাণিজ্য ও উদার মানবিকতার শক্তিতে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছিল।
প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ তৌফিক এম হক বলেন, বাংলার ইতিহাসকে কেবল রাজনৈতিক ঘটনাপ্রবাহে আটকে না রেখে এর অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক অবদানকে নতুনভাবে মূল্যায়ন করা জরুরি। বইটি সেই আলোচনাকে সমৃদ্ধ করবে।
সভাপতির বক্তব্যে প্রত্নতত্ত্ববিদ ড. সুফি মোস্তাফিজুর রহমান জানান, প্রচলিত ইতিহাসচর্চার বাইরে গিয়ে বাংলার নিজস্ব শক্তি ও সভ্যতার প্রাচীন পরিচয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
‘স্বর্গভূমি বাংলা’ গ্রন্থে হাজার বছর ধরে কৃষি, শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে বাংলার বৈশ্বিক যোগাযোগের নানা তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়, ইউরোপের বাজারে বাংলার বস্ত্রের ব্যাপক চাহিদা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বাংলার বাণিজ্যের প্রভাব বিস্তারের চিত্র। একই সঙ্গে উপনিবেশ না গড়েও কীভাবে আতিথেয়তা ও মানবতাবোধ দিয়ে বাংলা বিশ্বে স্থান করে নিয়েছিল, তার বিস্তারিত অনুসন্ধান রয়েছে এই বইয়ে।
এসএইচ

original1787417799-20260822173831.jpg)





































