ছবি : সংগৃহীত
ঢাকা: সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আসছে। শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২৫ আগস্ট এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে।
সরকারি চিঠির তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন- মো. ফরিদ, মো. রুবেল প্রামাণিক, মো. সোহেল রানা, মো. কলিমউদ্দিন ইসলাম, মো. মোহন আলী, মো. সুমন আলী ও আব্দুল জলিল সরকার।
এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মো. শ্যামল উদ্দিন মাঝি নাম সরকারি তালিকায় রয়েছে।
নিহতদের মরদেহ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
তবে সরকারি চিঠিতে ৯ জনের মরদেহ দেশে আসার কথা বলা হলেও, ১৬ নিহতের মধ্যে বাকি ৭ জনের মরদেহের বিষয়ে এই চিঠিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
পিএস


























original1787417799-20260822173831.jpg)












