• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৬, ১২:১৯ পিএম
স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

ছবি: সংগৃহীত

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহর বা প্রবাস থেকে আসা এক টুকরো চিঠির জন্য আকুল হয়ে বসে থাকত মানুষ। সেই আবেগ ও চিঠির যুগের আবেদন আজ শুধুই স্মৃতি। প্রযুক্তির স্পর্শে স্মার্টফোনের পর্দায় এখন মুহূর্তে পৌঁছে যায় সব বার্তা। ব্যক্তিগত চিঠির আবেগ হারিয়ে ঐতিহ্যবাহী ডাক বিভাগ আজ টিকে থাকার নতুন লড়াই চালাচ্ছে।

এমনই এক প্রেক্ষাপটে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 'সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা'। দিবসটি উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্য ডাক সপ্তাহসহ নানা আয়োজন গ্রহণ করা হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১০ হাজার ডাকঘরের বিশাল নেটওয়ার্ক রয়েছে। ব্যক্তিগত চিঠি প্রায় বন্ধ হয়ে গেলেও সরকারি নথি, পার্সেল ও ই-কমার্সের বদৌলতে ডাকপত্রের পরিবহন বেড়েছে। তবে আধুনিক সেবার পরিধি বাড়লেও প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে। বার্ষিক আয়ের বড় অংশই চলে যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন মেটাতে। ফলে ঘাটতির বোঝা পুরোপুরি কাটানো সম্ভব হচ্ছে না।

অনলাইন কেনাকাটার বিকাশ এবং কুরিয়ার সার্ভিসের চাহিদাকে মাথায় রেখে ডাক বিভাগও নিজেদের সেবায় পরিবর্তন এনেছে। প্রথাগত পোস্টম্যানের পাশাপাশি এখন ডিজিটাল আর্থিক সেবা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ভূমির পরচা ঘরে পৌঁছে দেওয়ার কাজ করছে তারা। নতুন চালুকৃত স্পিড পোস্ট ও আন্তর্জাতিক পার্সেল সেবাবেও আশাব্যঞ্জক গতি দেখা যাচ্ছে। এমনকি সম্প্রতি ডাকযোগে ভোটাধিকার প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ সেবাও যুক্ত হয়েছে।

বেসরকারি কুরিয়ারগুলোর তীব্র প্রতিযোগিতা মোকাবিলায় ডাক বিভাগ এখন অবকাঠামোগত সংস্কারে মন দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ও পোস্ট পিকআপ পয়েন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেবা খাতকে গতিশীল এবং আধুনিক প্রযুক্তিবান্ধব করে জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

এসএইচ 

Link copied!