• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোটরসাইকেলের নম্বরপ্লেট ব্যবহারে নতুন বিধিমালা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২, ২০২৬, ০৬:৫৭ পিএম
মোটরসাইকেলের নম্বরপ্লেট ব্যবহারে নতুন বিধিমালা

ফাইল ছবি

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে গত ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এই সংশোধিত প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশা বিবেচনায় সামনে নম্বরপ্লেট স্থাপনের পথ আরও সুগম হলো। নতুন বিধানের প্রধান দিকগুলো হলো:

 প্রচলিত বিন্যাসের পাশাপাশি সামনের রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে।
 মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের আকার নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে।
উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থান এবং হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।
রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়ক হবে।

বিভিন্ন ধরনের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো ভিন্ন হওয়ায় সব মডেলে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট ব্যবহার বাস্তবসম্মত ছিল না। এই সংশোধনের ফলে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের বিধিগত সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণের ক্ষেত্রে এই উদ্যোগ ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ 

Link copied!