• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আ.লীগ মুক্তিযুদ্ধ, অন্য দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী 


কুমিল্লা প্রতিনিধি নভেম্বর ২, ২০২৬, ০৭:০১ পিএম
আ.লীগ মুক্তিযুদ্ধ, অন্য দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী 

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এবং অন্য আরেকটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে তার নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, বিএনপি কোনো চেতনা নিয়ে ব্যবসা করতে চায় না। দলের শীর্ষ নেতা তারেক রহমান পরিষ্কারভাবে জানিয়েছেন, যার যার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। জুলাই চেতনাকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদেরও যথাযথ সম্মান জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমান প্রধানমন্ত্রীও একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে তিনি উল্লেখ করেন।

নিজের চিকিৎসা প্রসঙ্গের কথা উল্লেখ করে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, চিকিৎসার জন্য তাকে দীর্ঘ ছুটি দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা উদ্যোগের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, তিনি দেশের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিরলস কাজ করছেন। এরই প্রতিফলন হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাসান খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্যসচিব মোল্লা মুজিবুল হক। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!