• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনা ফিরলেই ফাঁসি কার্যকর, বিকল্প নেই: চিফ প্রসিকিউটর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬, ০২:০১ পিএম
শেখ হাসিনা ফিরলেই ফাঁসি কার্যকর, বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই। 

মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আইন পরিষ্কারভাবে বলে দিয়েছে- ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।

একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

চিফ প্রসিকিউটর বলেন, বিচার মোকাবিলা করতে আসেননি। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি। ভবিষ্যতে তার আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে একটি চিঠি দেওয়া হয়েছে। তারা শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের জন্য আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন। কারণ, যিনি পাসপোর্ট চান, তিনি নিজে আবেদন করেননি। তার দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আছেন— এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র আমরা পাইনি। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাকেই ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে আমাদের জানা নেই।

পিএস

Link copied!