• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নূর হোসেন ও জুলাই শহীদদের আত্মত্যাগ একই ধারার অংশ: জেডিপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬, ০৬:৪৯ পিএম
নূর হোসেন ও জুলাই শহীদদের আত্মত্যাগ একই ধারার অংশ: জেডিপি

ছবি : প্রতিনিধি

ঢাকা: জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ বলেছেন, শহীদ নূর হোসেন ও জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একই ধারার অংশ। তাঁদের রক্তের বিনিময়ে স্বৈরশাসনের পতন ঘটেছে। কিন্তু যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষায় তাঁরা জীবন দিয়েছেন, তা প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের।”

শহীদ নূর হোসেনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) বিকালে রাজধানীর জুরাইন কবরস্থানে শায়িত শহীদ নূর হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা বলেন।

জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে রাজপথে নেমেছিলেন নূর হোসেন। বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নেওয়া এই তরুণ পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর আত্মত্যাগসহ দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালে এরশাদের শাসনের পতন ঘটে।”

তিনি বলেন, “একইভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। নূর হোসেন ও জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একই ধারার অংশ। তাঁদের রক্তের বিনিময়ে স্বৈরশাসনের পতন ঘটেছে। কিন্তু যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষায় তাঁরা জীবন দিয়েছেন, তা প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের।”

নাঈম আহমাদ আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনকে আমরা যদি ভুলে যাই, তাহলে একদিন আবরার ফাহাদ, আবু সাঈদ ও শরীফ ওসমান হাদিদেরকেও এ জাতি ভুলে যাবে। কতিপয় বামপন্থী সংগঠন শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে তাঁকে স্মরণ করেছে। আমাদের মতো হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দল তাঁর কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের পর এই দিবসটি আরও ব্যাপক পরিসরে, রাষ্ট্রীয় ও জাতীয় উদ্যোগে পালন করা উচিত ছিল।”

তিনি আক্ষেপ করে বলেন, “আমরা যদি ফ্যাসিবাদকে একটি শাসনব্যবস্থা বা প্রবণতা হিসেবে না দেখে কেবল হাসিনার পতনেই সন্তুষ্ট থাকি, তাহলে ভিন্ন চরিত্রের কারও হাত ধরে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। ইতিমধ্যে অনেকে সংস্কারবিরোধী অবস্থান নিয়ে সেই পথ পরিষ্কার করছেন।”

জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহ বলেন, “আমাদের অবস্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে, সংস্কারের পক্ষে। শুধু হাসিনা নন, শেখ মুজিব ও এরশাদের শাসনামলেও গণতন্ত্রবিরোধী শাসন ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ জীবন দিয়েছে। তাঁদের অপসারণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারীরা আমাদের জাতীয় মুক্তির ইতিহাসের সন্তান। নূর হোসেনের নাম তাই ইতিহাসের পাতায় অমর হয়ে আছে এবং থাকবে।”

পরে জেডিপির নেতাকর্মীরা শহীদ নূর হোসেনের কবর জিয়ারত করেন। তাঁর রুহের মাগফিরাত এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জেডিপির যুগ্ম আহবায়ক মুত্তাকী বিন মুনির, যুগ্ম সদস্য সচিব আব্দুল হামিদ, জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!