• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেসরকারি শিক্ষক নিয়োগে সর্বোচ্চ বয়স ৩৫!


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৬, ০৩:৪৮ পিএম
বেসরকারি শিক্ষক নিয়োগে সর্বোচ্চ বয়স ৩৫!

বিশেষ প্রতিনিধি

বেসরকারি শিক্ষক নিয়োগে সর্বোচ্চ বয়স ৩৫ করার চিন্তা-ভাবনা চলছে। এতদিন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর নির্ধারণ করা থাকলেও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স নির্ধারিত ছিল না। এখন এসব ক্ষেত্রেও বয়সসীমা বেঁধে দেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। তবে এ বয়সসীমা কত হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। বয়স নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হবে মন্ত্রণালয়ের এমপিও নীতিমালা চূড়ান্তকরণ কমিটির বৈঠকে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বর্তমানে অবসরের বয়স ৬০ বছর। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স নির্ধারিত না থাকায় চাইলে ৫৯ বছর বয়সেও কেউ নিয়োগ পেতে পারেন। অন্যদিকে সরকারি কলেজ, হাইস্কুল ও প্রাইমারি স্কুলে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক) রুহী রহমান সাংবাদিকদের জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের এমপিও নীতিমালা আধুনিকায়ন ও যুগোপযোগী করার কাজ চলছে। তাতেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স নির্ধারণের চিন্তা-ভাবনাও আছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আসলে এটা স্থান-কাল ভেদে বাস্তবসম্মত হবে কি-না তা ভাবার বিষয়। কারণ সরকারি শিক্ষকরা যে ধরনের সুযোগ সুবিধা পান একজন বেসরকারি স্কুলশিক্ষক একই সুযোগ সুবিধা পান না। প্রত্যন্ত অঞ্চলে মেধাবী কেউ যদি নিজ এলাকায় বেসরকারি স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করতে চান তাহলে তার বয়সসীমা শেষ হয়ে যাবার কারণে তিনি কি ওই পেশায় যেতে পারবেন না? এমনিতেই গ্রামের বেসরকারি স্কুলে শিক্ষক পাওয়া যায় না। বয়স নির্ধারণ করে দিলে এ সংকট আরও বাড়বে। তবে বয়স নির্ধারণ করতে হলে বিভিন্ন দিক বিবেচনা করে তবেই করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমার অভিমত শিক্ষাজীবনে শিক্ষার্থীরা যে দুর্বিসহ সেশনজটে পড়ে তা কড়া পদক্ষেপ নিয়ে কমানো জরুরি। তাহলে তারা পড়াশোনা সময়মত শেষ করেই চাকরিতে প্রবেশ করতে পারবেন। বয়স নির্ধারণ করতে গেলে সেশনজট কমানো বেশি জরুরি।’

সোনালীনিউজ/এমএইউ

Link copied!