ছবি: সোনালীনিউজ
আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সাধারণ মুসল্লিদের জন্য মাঠটি প্রস্তুত করা হচ্ছে। এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার সাধারণ মুসল্লি এই মাঠে নামাজ আদায় করতে পারবেন। প্রতিবারের মতো এবারও নারী মুসল্লিদের জন্য পৃথক প্রবেশপথ, ওজুখানা এবং নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
মাঠের সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঈদগাহ ময়দানের প্রায় ৮০ শতাংশ প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। বৃষ্টি বা গরমের কথা মাথায় রেখে প্যান্ডেল তৈরির পাশাপাশি লাইট ও ফ্যান লাগানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ময়দানের চারপাশ ঘেঁষে সাদা কাপড় টানানোর কাজও সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মাঠ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের বিশেষ টিম মাঠের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। প্রবেশপথে থাকবে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে। এর পাশাপাশি নামাজ পড়তে এসে তীব্র গরমে বা অন্য কোনো কারণে কোনো মুসল্লি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিৎসার জন্য মাঠ প্রাঙ্গণেই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করে মাঠটি পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এসএইচ







































