• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমানবন্দরের ঘটনায় এনসিপির দুঃখ প্রকাশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০২৫, ০৭:২২ পিএম
বিমানবন্দরের ঘটনায় এনসিপির দুঃখ প্রকাশ

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিককের সঙ্গে অসদাচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশের কথা জানাল দলটি।

বিবৃতিতে বলা হয়, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ‘বাংলা বসন্ত’ চলছে। এরই ধারাবাহিকতায় আফ্রিকার কয়েকটি দেশেও আমরা জেন-জিদের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠতে দেখছি। এ ঘটনাগুলো বৈশ্বিক রাজনীতিতেই নতুন বার্তা বহন করছে।
 
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জিদের রাজনৈতিক উত্থান, দেশ-কাল-পাত্রভেদে তাদের নয়া রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন। ‘বাংলা বসন্তের’ নেতা হিসেবে নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন।

বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের এ জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই সংবাদ সম্মেলনে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এনসিপির নেতাকর্মীদের নামে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।
 
এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, এরইমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের নামে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের সহযাত্রী। ফলে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাঝে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরো সতর্ক হবে ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে সার্বক্ষণিকভাবে পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় দলটি।

পিএস

Link copied!