ছবি : প্রতিনিধি
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক সোহাগ হোসেনকে (২৭) হত্যার প্রায় দেড় মাস পর আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুন্সীগঞ্জের সদরের গনকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ মার্চ) বিকেলে র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।
র্যাব-১১ জানায়, রায়পুরে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের সোহাগ হোসেন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। ওইদিন রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় থানায় জিডি করা হয়। এর দুইদিন পর ১৪ ফেব্রুয়ারি সকালে সোনাপুর ইউনিয়নের একটি কলাবাগানে বালুর নিচে চাপা পড়া অবস্থায় সোহাগের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার মাথায় রক্তাক্ত জখম এবং গলায় হুডির ফিতা দিয়ে ফাঁস লাগানো ছিল। এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
র্যাব-১১ এর-নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, সোহাগ হত্যা মামলাটি সম্পূর্ণ ক্লুলেস ছিল। অভিযান চালিয়ে আসামি শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাখালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পিএস







































