ছবি : সংগৃহীত
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও সেই ওয়াদা (বিএনপি সরকার) সরকার ভঙ্গ করেছে। এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদের অচিরেই ভোগ করতে হবে।”
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথের প্রস্তুতির মাধ্যমে, গণআন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকের অধিকারে প্রতিটি দাবি যাতে নিশ্চিত হয়।”
তিনি বলেন, “আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বো; রাজনীতি-অর্থনীতি-সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল, কিন্তু সেই জাতীয় ঐক্য, সেই জাতীয় সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার।”
পিএস







































