• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পারিবারিক ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হওয়ার দাবি এমপি নজরুলের


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৬, ০২:১৯ পিএম
পারিবারিক ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হওয়ার দাবি এমপি নজরুলের

ছবি: সংগৃহীত

ব্ল্যাকমেইল ও অসত্য অপপ্রচারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ২১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়াম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থানের সময় যোহরের নামাজের পূর্বে তাঁর গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরবর্তীতে ওবায়দুল্লাহ ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাঁদের জিম্মি করেন এবং ১ লক্ষ টাকা আদায় করেন।

তিনি আরও জানান, তাঁর ভাড়াকৃত গাড়িটি আটকে রেখে ওবায়দুল্লাহর যোগসাজশে দফায় দফায় কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, তাঁর দ্বিতীয় স্ত্রীর পিতা মোঃ মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে।

অভিযোগে সংসদ সদস্য উল্লেখ করেন, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ তাঁদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি স্পষ্ট করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগমের সঙ্গে তাঁর শ্বশুরের বাসভবনে বিবাহ সম্পন্ন হয়। ফলে তাঁদের বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।

সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত এই ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এসএইচ 

Link copied!