• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণভোটের রায় নিয়ে আপসে চাপ ও লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমীর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৬, ০১:৩৮ পিএম
গণভোটের রায় নিয়ে আপসে চাপ ও লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমীর

ছবি : সংগৃহীত

ঢাকা: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে দাঁড়াতে বিভিন্ন মহল থেকে আপসে চাপ ও লোভ দেখানো হচ্ছে। 

বুধবার (৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সমাবেশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় আমরা পাহারা দেব, এ দাবি আমরা কোনোভাবেই পরিত্যাগ করব না। প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও জনগণের এই দাবি আদায় করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে উঠেনি; আন্দোলন গড়ে তুলেছিল এ দেশের সাহসী তরুণ সমাজ। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না।

শহীদদের নিয়ে রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমানে শহীদদের নিয়ে বিভাজনের অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এখনো ঘরে ঘরে আহত যোদ্ধারা যন্ত্রণায় কাতরাচ্ছেন। শহীদ পরিবারগুলোকে সম্মানের সঙ্গে পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে।

কার সাথে আঁতাত করে জাতির এসব গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করা হচ্ছে- প্রধানমন্ত্রীর কাছে তার জবাবদিহিতা দাবি করেন ডা. শফিকুর রহমান। 

সরকারের গত পাঁচ মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, ফ্যাসিবাদীরা যেসব জুলুম করেছে, গত পাঁচ মাসে আপনারা তারই প্রতিচ্ছবি দেখিয়েছেন। বাংলার মাটিতে আর কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। মাত্র ৫ মাসে জনগণের সঙ্গে এত বিশ্বাসঘাতকতা কেন করলেন? সবকিছু দেখে মনে হচ্ছে, আরেকটি বিপ্লব অনিবার্য।

এসআই

Link copied!