মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছে, আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।
৫ মে বিশ্ববিদ্যালয়টি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মাননা গ্রহণ করবেন।
এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ইউএসএফে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
গত ১৬ এপ্রিল হঠাৎ করেই নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবারের পক্ষ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে এই ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কালো প্লাস্টিকের ব্যাগের ভেতর লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
এই ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
এম













-69e1dc4e4a296-69e4310da6b3b-69f377fd532e3-20260506023129.jpg)

























