ফাইল ছবি
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যাওয়ায় কয়েক হাজার সৌদি প্রবাসী কর্মী বাংলাদেশে আটকে পড়েছেন। আকস্মিক ফ্লাইট বাতিলের কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পেরে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। এই সংকটে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে নিরাপদে কর্মস্থলে ফেরাতে সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরু (রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট) আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী জানান, এর আগেও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মীদের কাজে ফেরার সুযোগ করে দেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত এ ধরনের মানবিক ও প্রশাসনিক বিষয়ে বেশ আন্তরিক থাকে। তবে সম্প্রতি রিয়াদসহ আশেপাশের এলাকায় হামলার পর সেখানকার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে।
সৌদি আরব নিজেরাই এখন এক ধরনের জরুরি পরিস্থিতির মুখোমুখি হওয়ায় আলোচনা চালানো আগের চেয়ে কিছুটা কঠিন হচ্ছে। তা সত্ত্বেও সরকার নিবিড় কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই একটি ইতিবাচক সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে রিয়াদে বিমানবন্দর হামলায় যেসব বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। হামলার খবর পাওয়ার পর থেকেই সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা সেবার খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
এসএইচ







































