যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির রামসগেট শহরের মেয়র হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন।
বুধবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রামসগেট সিটি কাউন্সিলের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন।
রৌশন আরা দোলন পিরোজপুর পৌর এলাকার সিআই পাড়ার ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনি রামসগেট শহরের ইতিহাসে প্রথম এশীয় নারী মেয়র এবং প্রথম ব্যক্তি হিসেবে টানা পাঁচবার এ পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
রেজাউর রহমান জামান পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের আদি বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে।
নির্বাচনের ফল ঘোষণার পর রৌশন আরা দোলন বলেন, “পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা ও সাধারণ বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় রামসগেটকে বসবাসের জন্য আরও সুন্দর ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
জানা গেছে, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রৌশন আরা দোলন রামসগেটবাসীর কাছে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছেন। গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা করে তিনি প্রথম আলোচনায় আসেন। এছাড়া করোনা মহামারির সময় তার মানবিক কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়। শহরের পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
রৌশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচন করেন।
২০১৯ সালের ২০ মে প্রথমবারের মতো রামসগেটের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে টানা পাঁচবার তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যে—উভয় দেশেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
রৌশন আরা দোলন ও তার স্বামী রেজাউর রহমান জামান যৌথভাবে “রামসগেট তান্দুরি” নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে রাইভী শামস রহমান ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত এবং ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজে অধ্যয়নরত।
রৌশন আরা দোলনের পৈতৃক বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে। তার বাবা ইঞ্জিনিয়ার রজ্জব আলী।
েএম









-69e1dc4e4a296-69e4310da6b3b-69f377fd532e3-(1)-20260507022753.jpg)





























