• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৬, ০১:৪৩ পিএম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা স্থগিত করার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।

শনিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলা ১১টার দিকে কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরুর ঠিক প্রাক্কালে হঠাৎ তা স্থগিতের নির্দেশনা আসে। এতে উপস্থিত হাজারও পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ভোগান্তির প্রতিবাদে রাজপথে নেমে আসেন।

প্রতিবাদে সকাল সোয়া ১১টার দিকে চাকরিপ্রার্থীরা প্রথমে ধানমন্ডির সাতমসজিদ সড়ক অবরোধ করেন। পরবর্তীতে সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় যানবাহন চলাচল থমকে দাঁড়ায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, দূরের জেলাগুলো থেকে কষ্ট করে পরীক্ষা দিতে এসেছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অথচ কেন্দ্র চত্বরে প্রবেশের পর একেবারে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়, যা দায়িত্বহীনতার সামিল।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. মাজহারুল হক পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এসএইচ 

Link copied!