• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন বাংলাদেশের হিরা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৬, ০৬:২১ পিএম
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন বাংলাদেশের হিরা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতী হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের দীর্ঘ বাছাই প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই বিশ্বজয় অর্জন করেন তিনি। এর মাধ্যমে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা আরও একবার সমুন্নত হলো।

গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রতিযোগিতা শেষে আজ এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ী হাফেজ হিরার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরাকে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থীরা এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছিলেন। হিরার এই সাফল্যে দেশের ইসলামিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে এবং দেশবাসীর কাছে তাঁর ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!