• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’


নিউজ ডেস্ক নভেম্বর ২৬, ২০২৬, ১০:৫২ এএম
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুইয়ে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ২৩৩।

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে শীর্ষ দূষিত শহরের তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ৩৬৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ৩৬৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ২৩৩। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। যার বায়ুমান স্কোর ২২১। অন্যদিকে ২১৬ বায়ুমান স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারেতের দিল্লি এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর করাচির বায়ুমান স্কোর ২২১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

এম

Link copied!